স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি:

দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংখ্যা কম হওয়ায় দেশের স্বাস্থ্যব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে জনসংখ্যা বেশি হলেও সেই অনুপাতে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীর সংখ্যা পর্যাপ্ত নয়। ফলে মানুষের কাছে মানসম্মত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে সরকার তরুণ স্বাস্থ্য উদ্যোক্তাদের উৎসাহিত করছে। স্বাস্থ্যসেবা খাতে নতুন উদ্যোগ, প্রযুক্তিনির্ভর সেবা এবং উদ্ভাবনী চিন্তা দেশের চিকিৎসাব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রীও স্বাস্থ্য খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য উদ্যোক্তা তৈরি হলে শুধু কর্মসংস্থানই বাড়বে না, বরং প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক দক্ষ ও খ্যাতনামা চিকিৎসক রয়েছেন, যারা নতুন নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে কাজ করছেন। পাশাপাশি দেশের ওষুধ শিল্পও আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করছে, যা দেশের স্বাস্থ্য খাতের জন্য ইতিবাচক দিক।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে এবং আগের সময়ের তুলনায় এবার প্রস্তুতি ও ব্যবস্থাপনা আরও জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়নে দক্ষ জনবল তৈরি, গবেষণা, উদ্ভাবন এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top