অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা

নিজস্ব প্রতিনিধি:

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা করছে সরকার। নির্বাচন কমিশন (ইসি) এ লক্ষ্যে একটি রোডম্যাপ প্রস্তুত করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ করা হবে।

তিনি আরও জানান, আগামী ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। সরকার জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান দিতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী এ ধরনের মন্তব্যকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জনগণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, গত জুন মাসে বিভিন্ন গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, খাদ্য ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

খাদ্য মজুতের বিষয়ে ডা. জাহেদ উর রহমান জানান, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বর্তমানে দেশে প্রায় ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top