চরভদ্রাসনে জাতীয় পল্লি উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি:

“উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলহাজ এ.কে.এম. নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাপস শাখারী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হচ্ছে গ্রামীণ জনপদ। গ্রামের উন্নয়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং টেকসই গ্রামীণ উন্নয়ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যকে আরও বেগবান করতেই জাতীয়ভাবে পল্লি উন্নয়ন দিবস চালু করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের কার্যক্রম আরও গতিশীল হবে এবং গ্রামীণ উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে। পাশাপাশি তিনি সবাইকে নিজেদের জমি অনাবাদি না রেখে উৎপাদনের আওতায় আনার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top