নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সরাসরি উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে সময় কাটালেন বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ পায়ে হেঁটে ঘুরে দেখেন।
মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণের অগ্রগতি, অপারেশনাল প্রস্তুতি ও কৌশলগত বিষয় সম্পর্কে ধারণা নেন তিনি।
এ সময় একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়াও প্রত্যক্ষ করেন তিনি।
প্রশিক্ষণ এলাকায় যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ, অস্ত্র ব্যবহারের কৌশল এবং বাস্তবধর্মী অনুশীলনের বিভিন্ন দিক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি একটি সেনা বাঙ্কারে গিয়ে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
ছদ্মবেশে অবস্থান নেওয়া সেনাসদস্যদের কাছেও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গাছপালার আড়ালে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে কথা বলে তিনি তাদের মনোবল ও দায়িত্ব পালনের বিষয়ে উৎসাহ দেন।
একপর্যায়ে মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত তাৎক্ষণিক খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি তাদের সঙ্গে চা পান করেন। মাঠপর্যায়ে সরকারপ্রধানের উপস্থিতিতে সেনাসদস্যদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।
পরে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক সাফল্য কামনা করেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।