২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আদালতের নির্দেশে মামলা: উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের নির্মাণাধীন ভবনে হামলা, ভাঙচুর ও নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আদালতের নির্দেশে মামলা দায়ের হয়েছে। মামলার তিন আসামিকে আদালত কারাগারে পাঠিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, পশ্চিম ডহরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোক্তার আলী হাওলাদারের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলাকালে গত ২৬ ও ২৭ মে সকাল থেকে টানা দুই দিন প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি নির্মাণকাজে বাধা প্রদান করেন। অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খুলে নিয়ে যায় এবং হাতুড়ি দিয়ে ভবনের একাধিক পিলার ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে উজিরপুর মডেল থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ প্রদান করেন।

আদালতের নির্দেশে দায়ের করা মামলার প্রেক্ষিতে গত ১৮ জুন মামলার অন্যতম আসামি মকবুল হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার (৫৫), আলিম হাওলাদার (৫০) ও রমজান (২১) বরিশালের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য জোসনা বেগম জানান, গত বছর ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হলেও তার নাতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় দীর্ঘ সময় ঢাকায় চিকিৎসাধীন থাকতে হয়। ফলে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ ছিল। সম্প্রতি পুনরায় কাজ শুরু করলে বজলুল হাওলাদার, তার স্ত্রী কাজল রেখাসহ কয়েকজন ব্যক্তি নির্মাণকাজে বাধা দেয়, সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খুলে নিয়ে যায় এবং নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুর করে।

তিনি আরও অভিযোগ করেন, আসামিদের একজনের প্রভাবশালী আত্মীয় থাকায় থানায় অভিযোগ দিয়েও প্রাথমিকভাবে মামলা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলা রুজু হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের আশা করছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, ব্যক্তিগত বিরোধের জেরে নির্মাণাধীন ভবনে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা দুঃখজনক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top