বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

নিজস্ব প্রতিনিধি:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ বিষয়ে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর সচিবালয়-এ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আজকের বৈঠকে নতুন ভাড়া চূড়ান্ত হয়নি। বাস, ট্রাকসহ সব ধরনের পরিবহণের ভাড়া নিয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি জানিয়েছে, পরিবহণ খাত বর্তমানে বাড়তি আর্থিক চাপের মুখে রয়েছে। ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে।

এ অবস্থায় জ্বালানি মূল্য ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন পরিবহণ নেতারা।

এর আগে গত রোববার রাজধানীর বনানী-এ বিআরটিএ কার্যালয়ে বাস ভাড়া নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিআরটিএ কর্মকর্তা এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া পুনর্নির্ধারণের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর কত টাকা ভাড়া বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত শনিবার রাত থেকে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top