সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা, হাওড়ের পাকা ধান দ্রুত কাটার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি:

সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় হাওড় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের দ্রুত পাকা ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর আগামী সাত দিনের পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকা ও উজান এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারি বৃষ্টি এবং ২৮ থেকে ৩০ এপ্রিল ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়, অতিবৃষ্টির কারণে হাওড় অঞ্চলের প্রধান নদী সুরমা নদী, কুশিয়ারা নদী, ধনু নদী, বাউলাই নদী এবং ভুগাই-কংস নদীসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ২৮ এপ্রিল থেকে কিছু স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৭৬ মিটার নিচে রয়েছে। তবে পানি দ্রুত বাড়লে জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

এমন পরিস্থিতিতে হাওড় এলাকার বোরো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top