ইমতিয়াজ, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইইইই জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে এবং আইইইই কম্পিউটার সোসাইটি ও উই (WIE) অ্যাফিনিটি গ্রুপের সহযোগিতায় আজ রোববার বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৫ম তলায় অবস্থিত উপাচার্য (ভিসি) কক্ষে সেমিনারটি আয়োজিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান শিক্ষার পথিকৃৎ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক এই অধ্যাপক শিক্ষার্থীদের সমস্যা সমাধানের যৌক্তিক সক্ষমতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ”দেশের মানুষের মেধার বর্তমান অবস্থা অনেকটা অন্তঃসারশূন্য হয়ে পড়ছে। প্রতিকূলতাকে শক্তিতে রূপান্তর (শাপে বর) করার দক্ষতা আমাদের অর্জন করতে হবে। পৃথিবীকে যদি সত্যিই আমরা কিছু দিতে চাই বা সাহায্য করতে চাই, তবে তার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা অপরিহার্য। মনে রাখতে হবে, নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়; আর এই যাত্রায় ব্যক্তিগত সক্ষমতা বা ‘রিসোর্সফুলনেস’ প্রয়োগের কোনো বিকল্প নেই।”
আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমান যুগে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে কেবল কারিগরি জ্ঞানই যথেষ্ট নয়; বরং যেকোনো জটিল সমস্যার সমাধানে বিশ্লেষণাত্মক দক্ষতা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মাঝে এই বিশেষ গুণটি ছড়িয়ে দিতেই এই সেমিনারের আয়োজন।
উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্ভাবন এবং যৌক্তিক চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতে দেশের তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।