১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে বাবা-ছেলে হত্যাকাণ্ডে নতুন মোড়, পারিবারিক বিরোধে বড় ছেলে আটক

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে বাবা ও ছেলে হত্যার ঘটনায় তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ছেলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাটি মাদক-সংক্রান্ত নয়।

সোমবার (২৭ এপ্রিল) টঙ্গী পূর্ব থানার দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে রোববার ভোরে স্থানীয় বনমালা এলাকা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন উত্তর দত্তপাড়া বনমালা প্রাইমারি স্কুল রোড এলাকার বাসিন্দা মো. সোহেল (৪৮) এবং তার ছেলে সাকিবুর রহমান শোয়েব (১৭)। এ ঘটনায় সোহেলের বড় ছেলে সাইফুর রহমান সোহান (২৭)-কে আটক করা হয়েছে।

নিহত শোয়েব রাজধানীর উত্তরার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ঢাকার তেজগাঁও এলাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। আটক সোহান একটি ওষুধ কারখানায় কর্মরত ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পারিবারিকভাবে বিয়ের বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর বিষয়টি অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল। পরে সন্দেহজনক আচরণের কারণে সোহানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

গতকাল রাতে নিহত সোহেলের বোন শিরিন সুলতানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, পারিবারিক সম্পর্কজনিত বিরোধ থেকেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top