নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, রান্নার কষ্ট কমাতে নারীদের জন্য এলপিজি কার্ড সেবা চালু করা হবে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, নারীদের গৃহস্থালি কাজ সহজ করতে এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের জন্য।
তিনি জানান, শার্শার উলাশী খালে পানি প্রবাহ স্বাভাবিক হলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে। এতে কৃষি, সেচ এবং স্থানীয় জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে।
সফরসূচি অনুযায়ী, খাল খনন কার্যক্রম উদ্বোধনের পর তিনি স্থানীয় সুধী সমাবেশে অংশ নেন। পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম যশোর সফর। গত তিন মাসে এটি তার দ্বিতীয় যশোর সফর।