নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র-এর প্রথম ইউনিটে ছয় দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (১ মে) রাত ১০টায় কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দুপুর থেকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট চালুর জন্য পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। পরে রাত সাড়ে ৮টা থেকে ইউনিটটি উৎপাদনে যায় এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। বর্তমানে এ ইউনিট থেকে প্রায় ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
এর আগে গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
সূত্র জানায়, পার্বতীপুর-এর বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার নিশ্চিত করতে ২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটি চালু করা হয়। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন শুরু হলেও ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিট যুক্ত হয়।
তবে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বজায় রাখতে পারেনি।
কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ জানান, দ্বিতীয় ও তৃতীয় ইউনিট বর্তমানে মেরামতের আওতায় রয়েছে। তৃতীয় ইউনিটের ওভারহোলিং কাজ চলমান এবং দায়িত্বপ্রাপ্ত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এ বিষয়ে অবহিত রয়েছে। আশা করা হচ্ছে, আগামী ১৫ মে’র মধ্যে তৃতীয় ইউনিট উৎপাদনে আসবে, যা বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও উন্নত করবে।
এর আগে একাধিকবার যান্ত্রিক ত্রুটি ও বয়লারে পাথর ঢুকে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ থাকায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।