রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে অপরাধ দমনে কঠোর অবস্থানে নেমেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাতভর জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক ঝটিকা অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি চক্রের ৬ সক্রিয় সদস্য এবং ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এ অভিযানে বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করেছে লালমনিরহাট ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর এলাকায় একটি বাড়িতে দীর্ঘ দিন ধরে অনলাইনে জুয়া ও অবৈধ বিটকয়েন লেনদেনের কারবার চলছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। রাত আনুমানিক দেড়টার দিকে জনৈক মিনার রহমানের বসতবাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ যুবককে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হাবিবুর রহমান (২১), মেহেদী হাসান মুন্না (২২), আসাদুল হাবিব (৩৫), আপেল ইসলাম (২২), লিমন ইসলাম (২২) ও জাহিদুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক বিভিন্ন জুয়ার সাইট ও অ্যাপস ব্যবহার করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে আসছিল। তাদের কাছ থেকে জব্দকৃত ৫টি স্মার্টফোনে ৩০টিরও বেশি জুয়ার অ্যাপ এবং বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এছাড়া ১০টি বেনামি সিম কার্ডও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একই রাতে ডিবি পুলিশের অপর একটি দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের আস্তানায়। রতিপুর গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ মিনার রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সরুজ আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে পাকড়াও করে পুলিশ
এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন কবির দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিক কে বলেন, ডিজিটাল অপরাধ এবং মাদক বর্তমান সমাজের বড় ব্যাধি। বিশেষ করে অনলাইন জুয়ার মাধ্যমে যুবসমাজ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে এ ধরনের অভিযানকে আরও বেগবান করা হবে বলে জানান।
তিনি আরও বলেন, প্রতিটি অভিভাবকের উচিদ প্রতিদিন তাদের সন্তানদের কার্যক্রমের ওপর নজর রাখা। তারা কোথায় যায় কি করে ঠিকমতো স্কুল কলেজে যাচ্ছে কি-না তার খোঁজ খবর নেয়ার পাঁশাপাশি ঐসকল চিহৃত অপরাধীদের কর্তমকান্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান ও জানান তিনি।
গ্রেফতারকৃত ৮ আসামিকে আজ মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।