নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে নুসরাত তাবাসসুম সংসদ সচিবের দপ্তরে শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা থাকলেও নুসরাত তাবাসসুম ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে তিনি উচ্চ আদালতে রিট করেন।
পরবর্তীতে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এরপর ইসি তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
উল্লেখ্য, গত ৩ মে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নেন। সংসদ সচিবালয়ের তথ্যমতে, বিএনপি জোট থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন সদস্য শপথ গ্রহণ করেন।
সংরক্ষিত নারী আসনের মোট সংখ্যা ৫০টি, যার মধ্যে জামায়াত জোট পেয়েছে ১৩টি আসন।