নিজস্ব প্রতিনিধি:
বগুড়া-য় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার এবং কার্গো ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৭ মে) বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্য রয়েছে সরকারের।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রকল্পের আওতায় ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণ করা হবে, যাতে দেশি-বিদেশি উড়োজাহাজ অবতরণ করতে পারে। পাশাপাশি কার্গো ফ্যাসিলিটি স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য ও শিল্পপণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের পরিকল্পনায় বগুড়া বিমানবন্দর সম্প্রসারণের মাধ্যমে পাইলট ট্রেনিং একাডেমি গড়ে তোলার কথাও রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হাসান মাহমুদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।