৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে সরকার: আইজিপি

নিজস্ব প্রতিনিধি:

আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান সরকার পুলিশের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল মনোভাব নিয়ে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর খিলক্ষেত এলাকার ৩০০ ফুট সড়কে নতুন খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে গুরুত্ব দিয়েছিল। আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব হতো। তবে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

পুলিশ বাহিনীতে জনবল সংকটের বিষয়ে আলী হোসেন ফকির বলেন, আগামী অর্থবছরে এই সমস্যা সমাধানে সরকার ইতিবাচক আশ্বাস দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনীতে রূপান্তরের কাজ চলছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে।

গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন আইজিপি।

পুলিশ সপ্তাহ আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে গত কিছু সময় পুলিশ সপ্তাহ আয়োজন করা সম্ভব হয়নি। তবে নতুন সরকারের আমলে নতুনভাবে পুলিশ সপ্তাহ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একসময় পুলিশ বাহিনীতে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি থাকলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top