নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে এমন একটি প্রতিষ্ঠানে রূপ দিতে চায়, যা হবে সত্যিকার অর্থে জনবান্ধব ও মানবিক।
সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়-এ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশ প্রশাসন সরকারের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। তাই দুর্নীতি বা সন্ত্রাসের মতো অপরাধকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার বা প্রশাসনিক পদ স্থায়ী নয়। জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদই কারও জন্য চিরস্থায়ীভাবে সংরক্ষিত থাকে না—এ বাস্তবতা অতীতেও প্রমাণিত হয়েছে এবং বিশ্বজুড়েও তা দেখা যায়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে একটি নিরাপদ, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের পথ আরও সুগম হবে।
পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বাহিনীর সদস্যদের যেকোনো পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে। একই সঙ্গে পেশাদারত্বের সঙ্গে কোনো ধরনের আপস না করারও আহ্বান জানান তিনি।
সভায় তিনি বলেন, সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর। সততা, মেধা ও দক্ষতাকেই পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ সরকারের কার্যক্রমকে অনেকটাই মূল্যায়ন করে পুলিশের আচরণ ও ভূমিকার ভিত্তিতে। তাই পুলিশ সদস্যদের মানবিকতা ও জনগণের প্রতি সহমর্মিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।