নিজস্ব প্রতিনিধি:
রাজধানীতে চলাচলকারী সব যানবাহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ডিজিটাল নম্বর প্লেট এবং আরএফআইডি ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী সপ্তাহ থেকে এ নির্দেশনা অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও জরিমানা কার্যক্রম শুরু হবে।
সোমবার ডিএমপির সদর দপ্তর থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরে চলাচলকারী নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রঙ, ডিজাইন ও নির্দিষ্ট মাপের নম্বর প্লেট সঠিক স্থানে স্থাপন করা আইনত বাধ্যতামূলক।
তবে সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহ করা মূল ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। কেউ কেউ নম্বর প্লেটের পরিবর্তে গাড়ির গায়ে রঙ দিয়ে নম্বর লিখে সড়কে চলাচল করছেন।
ডিএমপি জানিয়েছে, এ ধরনের অনিয়ম বন্ধে আগামী সপ্তাহ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। নিয়ম না মানলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে মামলা, জরিমানা ও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।