নিজস্ব প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা এবং আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ৯০৫/৬-এস পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার পাশে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।
এ সময় খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তিনি বাংলাদেশে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।