কোরিয়া যেতে পাঁচ দফা দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে ইপিএস কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:

দক্ষিণ কোরিয়ার ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভিসা না পাওয়া এবং রোস্টার থেকে বাদ পড়ার অভিযোগে বিক্ষোভ করেছেন ইপিএস কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা।

বিক্ষোভের কারণে মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ ও বের হওয়ার পথ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ‘এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম’ (ইপিএস)-এর আওতায় দক্ষিণ কোরিয়ার ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও অনেকের ফাইল কোরিয়ায় পাঠানো হয়নি। ফলে দীর্ঘদিন অপেক্ষার পর তাদের রোস্টার থেকেও বাদ দেওয়া হয়েছে।

আন্দোলনকারী আলি আহমদ বলেন, ভাষা শেখার পরও তারা চাকরির সুযোগ পাচ্ছেন না। তার অভিযোগ, বোয়েসেলের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে অনেক কর্মী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় রয়েছেন।

আরেক আন্দোলনকারী মাছুম মিয়া বলেন, দুই বছর পার হয়ে গেলে অনেককে রোস্টার থেকে বাদ দেওয়া হচ্ছে। অথচ ভাষা শেখার জন্য তারা বিপুল অর্থ ও সময় ব্যয় করেছেন। তিনি জানান, কোরিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বোয়েসেল আরও আন্তরিক ভূমিকা নিতে পারত।

বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— ২০২২ ও ২০২৩ ব্যাচের রোস্টার থেকে বাদ পড়া সব ইপিএস কর্মীকে পুনরায় রোস্টারে অন্তর্ভুক্ত করা, তাদের দক্ষিণ কোরিয়ায় পাঠানোর আগে নতুন সার্কুলার না দেওয়া, কেবল দক্ষিণ কোরিয়াতেই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাচভিত্তিক কর্মী পাঠানোর ব্যবস্থা করা।

এছাড়া প্রয়োজনে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর জন্য অতিরিক্ত সরকারি খরচ বহন করতেও রাজি আছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top