নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের স্বার্থ ও অভিপ্রায়কে গুরুত্ব দিয়েই ফারাক্কা চুক্তি সম্পন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে গঙ্গার পানিবণ্টন চুক্তি সম্পন্ন করা জরুরি।
শনিবার (১৬ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, ভারতকে চুক্তি নবায়নের উদ্যোগ নিতে হবে এবং তা অবশ্যই বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই হতে হবে।
তিনি জানান, ২০২৬ সালে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ প্রসঙ্গে বর্তমান সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
বক্তব্যে তিনি জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন। তার মতে, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপচেষ্টা সফল হবে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ও অপপ্রচার চালানোর চেষ্টা করছে।
আলোচনা সভায় উপস্থিত নেতারা দেশের নদী ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।