১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সবজির বাজারে আবারও অস্থিরতা, কেজিতে বেড়েছে ১০–২০ টাকা; চড়া দামে মাছ-ডিমও

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। হাতে গোনা কয়েকটি বাদে প্রায় সব ধরনের সবজিই এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, যা সীমিত আয়ের মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত সপ্তাহে ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। পাশাপাশি পেঁপে, বেগুন ও শসার দামও পৌঁছেছে ১০০ টাকার ঘরে।

বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক বৃষ্টিতে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় রাজধানীতে সবজির সরবরাহ কমে গেছে। ফলে বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে।

অন্যদিকে মাছের বাজারেও ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। তেলাপিয়া ও চাষের পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে। চাষের রুই-কাতলার দাম ৪০০ থেকে ৪৫০ টাকা, আর মিঠাপানির মাছ কিনতে কেজিপ্রতি খরচ হচ্ছে ৬০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। মানভেদে চিংড়ির দাম রয়েছে ৮০০ থেকে ১ হাজার ৬০০ টাকার মধ্যে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বাজারে ইলিশ উঠতে শুরু করেছে। তবে দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। এক কেজি ওজনের নদীর ইলিশ বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ৩ হাজার টাকায়। আর ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ কিনতে গুনতে হচ্ছে প্রায় ২ হাজার টাকা।

মাছ ব্যবসায়ীদের আশা, আগামী দুই সপ্তাহের মধ্যে নদীতে ইলিশ আহরণ বাড়লে দাম কিছুটা কমতে পারে।

এদিকে ডিমের বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। এক মাসের ব্যবধানে ডজনপ্রতি দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, উৎপাদন কমে যাওয়া, আবহাওয়ার প্রভাব এবং ব্যবসায়ী সমিতির নির্ধারিত মূল্য—সব মিলিয়েই দাম বেড়েছে।

তবে মুরগির বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, সোনালি ৩২০ থেকে ৩৪০ টাকা এবং দেশি মুরগি ৭২০ থেকে ৭৫০ টাকা কেজি দরে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top