১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে মাটি চাপা অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক স্বামী ও কথিত প্রেমিক

নিজস্ব প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন সংলগ্ন এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী ও তার পরিচিত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে গোয়ালন্দ উপজেলার বকেরটিলা সীমান্তবর্তী এলাকায় একটি কলাবাগান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন জাহানারা বেগম (৩০) এবং তার চার বছরের মেয়ে সামিয়া আক্তার।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে উজ্জ্বল (৩৫) ও নিহতের স্বামী আমজাদ শেখকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

স্থানীয় এক নারী জানান, পুকুরপাড়ে ছাগল চরানোর সময় একটি কুকুরকে মাটি খুঁড়ে কিছু টেনে বের করার চেষ্টা করতে দেখে সন্দেহ হয়। পরে স্থানীয়দের ডেকে এনে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহানারা ও তার স্বামী ঢাকার একটি ইটভাটায় কাজ করতেন। সেখানে এক সহকর্মীর সঙ্গে জাহানারার ঘনিষ্ঠতা নিয়ে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে। এ নিয়ে আগেও সালিশ ও ঝামেলার ঘটনা ঘটেছিল।

নিহতের স্বামী আমজাদ শেখ দাবি করেন, কয়েকদিন আগে তারা গ্রামের বাড়িতে আসেন। ফেরার পথে তার স্ত্রী ওষুধ কেনার কথা বলে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। কয়েকদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহ উদ্ধারের খবর দেখে ঘটনাস্থলে গিয়ে স্ত্রী ও মেয়েকে শনাক্ত করেন তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং হত্যামামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top