২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঈদকে ঘিরে নাশকতার কোনো হুমকি নেই: র‍্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার সুনির্দিষ্ট হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

মঙ্গলবার জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ঈদগাহে নেওয়া নিরাপত্তা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, “পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি।” তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ঈদ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট বসানো হয়েছে এবং তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

আহসান হাবীব পলাশ জানান, র‍্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিয়মিত ও জোরদার টহল কার্যক্রম পরিচালনা করছে। প্রধান প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুত, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য বাজারজাতের মতো অপরাধ ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

এ ছাড়া ঈদের ছুটিতে রাজধানী ও বড় শহরগুলোতে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাতের টহল ও নিরাপত্তাচৌকির সংখ্যা বাড়ানো হয়েছে।

ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে সন্ত্রাস, অপরাধ ও নাশকতা প্রতিরোধে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top