মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
গত ২৫ মে ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ইকবালপুর গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন ১২টি মোবাইল ফোন জব্দ করে।
এছাড়া ২৬ মে গভীর রাতে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপির আরেকটি টহল দল চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে আরও ১৭টি মোবাইল ফোন উদ্ধার করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।