মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। মঙ্গলবার (২৬ মে ২০২৬) রাত ১২টা ৫০ মিনিট থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম থেকে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম থেকে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
৫৩ বিজিবি সূত্র জানায়, মনোহরপুর বিওপি ও রঘুনাথপুর বিওপি পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত মাদক শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
এদিকে চলতি মে মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।