নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীতে কুরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত অন্তত ৮০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ধরনের আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে দেখা গেছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়ে এসব আহত ব্যক্তি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হননি। অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে গেছেন। তবে গুরুতর আহত কয়েকজনকে বিশেষায়িত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, আহতদের কেউ গরুর লাথি বা শিংয়ের আঘাতে আহত হয়েছেন, আবার কেউ কুরবানির মাংস কাটার সময় ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। এছাড়া বিভিন্ন ধরনের অসাবধানতাজনিত দুর্ঘটনায়ও অনেকে আহত হয়েছেন।
চিকিৎসকরা কুরবানির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশিক্ষিত ব্যক্তিদের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।