৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ইরান চুক্তিতে সংশোধনের নির্দেশ ট্রাম্পের, স্পষ্ট শর্ত চান পারমাণবিক কর্মসূচি নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতদের আলোচিত সমঝোতা চুক্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকের পর ট্রাম্প চুক্তির খসড়ায় পরিবর্তনের নির্দেশ দেন।

অ্যাক্সিওস জানায়, বর্তমান খসড়ায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না—এমন একটি অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিতকরণ বা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট শর্ত ও বাধ্যবাধকতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ নেই। ট্রাম্প এ অংশে আরও নির্দিষ্ট ও পরিষ্কার ভাষা সংযোজন করতে চান।

যুক্তরাষ্ট্র প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংশোধনের মূল লক্ষ্য হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কীভাবে যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়ন্ত্রণে আসবে এবং সেই প্রক্রিয়া কত সময়ের মধ্যে সম্পন্ন হবে—তা স্পষ্ট করা।

আরেকটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক রাখার বিষয়েও চুক্তির ভাষা পরিবর্তন করতে চান ট্রাম্প। এ বিষয়ে আরও স্পষ্ট ও কার্যকর ধারা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, সংশোধিত প্রস্তাবের বিষয়ে ইরানের প্রতিক্রিয়া পেতে প্রায় তিন দিন সময় লাগতে পারে। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, সপ্তাহের শুরুতেই এ বিষয়ে কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যেতে পারে।

বিশ্লেষকদের মতে, চুক্তির ভাষা নিয়ে নতুন এই সংশোধনের উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে এবং ভবিষ্যৎ সমঝোতার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top