১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। দীর্ঘ আট মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১ জুন) বিকেল ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান, বাদ মাগরিব ধানমণ্ডির ত্বাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। আগামীকাল সকালে হেলিকপ্টারে করে ভোলায় নেওয়া হবে মরদেহ। সেখানে ভোলা সার্কিট হাউস মাঠে জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তোফায়েল আহমেদ। গত বছরের অক্টোবরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর গুজবও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

চিকিৎসাধীন অবস্থায় গত ৭ মে একটি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। সে সময় তার আইনজীবী আদালতকে জানান, গুরুতর অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি এবং তার স্মৃতিশক্তিও অনেকাংশে লোপ পেয়েছে।

২০০২ সালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, সহযোগীদের মাধ্যমে ওই অর্থ স্থানান্তর ও উত্তোলনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। দীর্ঘদিন উচ্চ আদালতের স্থগিতাদেশে মামলার কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হয়।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। রাজনৈতিক জীবনে নয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top