১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

নিজস্ব প্রতিনিধি:

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান।

সোমবার (১ জুন) সকালে ঈদুল আজহার ছুটি শেষে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থে বর্তমান পদ থেকে সরে দাঁড়ানো প্রয়োজন বলে তিনি মনে করছেন। এ কারণে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।

দীপেন দেওয়ান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হন। পরে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

রাজনৈতিক পরিবারের সন্তান দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা এবং রাঙামাটি জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা। বাবার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দীপেন দেওয়ানও রাজনীতিতে সক্রিয় হন।

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি সপ্তম বিসিএসের মাধ্যমে বিচার বিভাগীয় (জুডিসিয়াল) সার্ভিসে যোগ দেন। প্রায় দুই দশক বিচার বিভাগে দায়িত্ব পালনের পর ২০০৬ সালে চাকরি ছেড়ে পূর্ণকালীন রাজনীতিতে যুক্ত হন।

রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে তিনি বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top