২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ সুবিধা, বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড সংরক্ষণের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি:

ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে দেশের সব বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড সংরক্ষণ এবং ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে এমন ওষুধের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইনবিষয়ক এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথলজি ল্যাব, বেসরকারি হাসপাতাল, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য অন্তত ১০ শতাংশ শয্যা খালি রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে।

তিনি আরও জানান, ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফ করতে হবে। রোগীদের শুধু ওষুধ ও খাবারের ব্যয় বহন করতে হবে।

চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় যথাযথ নিয়ম মেনে ওষুধ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন ওষুধ ব্যবহারের বিষয়েও সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

ডেঙ্গুর টিকা প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে এমন কোনো ভ্যাকসিন নেই যা আন্তর্জাতিকভাবে সর্বজনীন স্বীকৃতি পেয়েছে। তাই আপাতত দেশে ডেঙ্গু টিকাদান কর্মসূচি চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।

ডেঙ্গু প্রতিরোধে কঠোর পদক্ষেপের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাড়ির ছাদ, আঙিনা বা আশপাশে মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানা করা হবে।

তিনি সবাইকে নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top