আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং ৪৭ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। তারা বাংলাদেশ, নাইজেরিয়া, লাইবেরিয়া ও মোজাম্বিকের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এ ঘটনায় আহতদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন ম্যাক্স হাসপাতালে এবং দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বাংলাদেশি কোনো নাগরিক নিহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, মালভিয়া নগরে অবস্থিত ‘মিকাসা ইন’ নামের হোটেলটি চিকিৎসা ভিসায় ভারতে যাওয়া বিদেশি, বিশেষ করে আফ্রিকান নাগরিকদের মধ্যে জনপ্রিয় ছিল। এটি রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতালের কাছাকাছি অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হোটেলের রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। সরু গলিতে অবস্থিত প্রায় ২৫ কক্ষের এই হোটেলে তখন অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই বের হওয়ার সুযোগ পাননি।
ঘটনাস্থলের বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, প্রাণ বাঁচাতে কিছু মানুষ ভবনের ওপর থেকে নিচে লাফিয়ে পড়ছেন।
হোটেলের এক কর্মচারী জানান, সকাল প্রায় ৮টার দিকে একটি বৈদ্যুতিক চুলা চালু করার সময় হঠাৎ আগুনের সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান পরিচালনা করে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।