৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সাংবাদিক ও সংসদকে একসঙ্গে দেশ এগিয়ে নিতে হবে: স্পিকার

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাংবাদিকরা জনগণ ও সংসদের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের ভূমিকা পালন করেন। তাই সাংবাদিক ও সংসদকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিপিজেএর সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, বর্তমান সংসদকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন খাতে যে সংকট ও অবনতি হয়েছে, তা কাটিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার করা বর্তমান সংসদের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, জনগণের সঙ্গে সংসদের কার্যকর যোগাযোগ বজায় রাখতে হবে এবং গণমুখী রাজনীতির বিকাশ ঘটাতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমের ভূমিকার বিষয়ে স্পিকার বলেন, সাংবাদিকদের উচিত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যম সংসদের কার্যক্রমকে আরও কার্যকর করতে গঠনমূলক সমালোচনার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে এবং সাংবাদিকদের সেই সুযোগকে দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগাতে হবে।

সংসদীয় কার্যক্রমে সরকারি ও বিরোধী দলের ভূমিকা নিয়েও বক্তব্য দেন স্পিকার। তিনি বলেন, বিরোধী দলের দায়িত্ব হলো সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা, আর সরকারি দলের দায়িত্ব সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা। উভয় পক্ষের সহযোগিতার মাধ্যমেই সংসদের কার্যক্রম আরও শক্তিশালী হবে।

মতবিনিময় সভায় বিপিজেএ নেতারা সংসদ রিপোর্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্পিকার।

সভা শেষে তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা এবং সংসদ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top