নিজস্ব প্রতিনিধি:
বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার একদিনের মধ্যেই নিম্ন আয়ের গ্রাহকদের জন্য স্বস্তির বার্তা এসেছে। আবাসিক খাতের লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বাড়তি বিদ্যুৎমূল্য প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এই শ্রেণির গ্রাহকরা আগের হারেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এরই মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) লাইফলাইন এবং প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আবেদন জমা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানির সঙ্গে আলোচনা শেষে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বুধবার পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়। নতুন মূল্যহার জুন মাস থেকেই কার্যকর হওয়ার কথা ছিল।
নতুন ঘোষণায় লাইফলাইন শ্রেণির গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল, যা আগের তুলনায় ৬৯ পয়সা বেশি। এই শ্রেণির গ্রাহকেরা সাধারণত মাসে সর্বোচ্চ ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন। মূলত নিম্ন আয়ের পরিবার, যারা একটি ফ্যান ও এক বা দুটি বাতি ব্যবহার করেন, তারা এই সুবিধার আওতায় থাকেন।
একইভাবে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী প্রথম ধাপের গ্রাহকদের জন্য প্রতি ইউনিট মূল্য ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল, যা আগের দামের তুলনায় ৯২ পয়সা বেশি।
তবে নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম আগের মতোই প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা থাকবে। পাশাপাশি প্রথম ধাপের গ্রাহকদের জন্যও ইউনিটপ্রতি মূল্য ৫ টাকা ২৬ পয়সায় বহাল রাখা হবে।
কর্মকর্তাদের মতে, দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৬৫ শতাংশ এই দুই শ্রেণির আওতাভুক্ত। তাই মূল্যবৃদ্ধি কার্যকর হলে বিপুলসংখ্যক নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হতো।
পিডিবির কর্মকর্তারা জানান, প্রান্তিক ও স্বল্প আয়ের গ্রাহকদের স্বার্থ বিবেচনায় রেখেই মূল্যবৃদ্ধি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। বিইআরসি অনুমোদন দিলে এসব গ্রাহক আগের হারেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।