৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নীসক’র উদ্যোগে ১৫৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

উচ্চশিক্ষার পথে অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে নীলফামারী সরকারি কলেজ (নীসক) কর্তৃপক্ষের উদ্যোগে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৫৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে নীলফামারী সরকারি কলেজের হলরুমে আয়োজিত জমকালো এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনের কারিগর। তাদের অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো জেলার গর্ব। শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”

নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মো. বাবুল হোসাইন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. সামসুল আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আলতাফুর রহমান এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম।

এছাড়াও বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, সদস্য সচিব মো. রইসুল ইসলাম রানা এবং বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীরা। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইরফান আহম্মেদ ইমন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. সাকিব ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের শিক্ষার্থী সারাফ রুমালী স্নেহা, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী সাথী রানী রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত জামান, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী বোহাইরা তানজিম সিলভিয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা কাশফিয়া।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মেধার পাশাপাশি সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে। কৃতি শিক্ষার্থীদের এই অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং জেলার শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কলেজের শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা ভবিষ্যতে নিজেদের মেধা ও দক্ষতা দেশের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top