আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি কার্যকর সমঝোতায় পৌঁছাতে আরও সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, পরিস্থিতি জটিল হলেও ইরান-সংক্রান্ত আলোচনা ও কূটনৈতিক তৎপরতা দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি বিষয়টির দীর্ঘমেয়াদি চরিত্র তুলে ধরে বলেন, “১৯ বছরব্যাপী ভিয়েতনাম যুদ্ধের তুলনায় আমরা এখন মাত্র তৃতীয় মাসে আছি।”
তার মতে, ইরান ইস্যুর স্থায়ী সমাধানে কয়েক বছরও সময় লাগতে পারে। ট্রাম্প দাবি করেন, তেহরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়িয়ে রয়েছে এবং তারা এমন মার্কিন ও পশ্চিমা নেতৃত্বের সঙ্গে কাজ করতে অভ্যস্ত, যাদের তিনি “দুর্বল ও অকার্যকর” হিসেবে উল্লেখ করেন।
এছাড়া তিনি ইঙ্গিত দেন, শেষ পর্যন্ত ইরানের এই কূটনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা ছাড়া বাস্তবসম্মত অন্য কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সংঘাতের স্থায়ী সমাধান নিশ্চিত করতে শুরু হওয়া আলোচনা এখনো কাঙ্ক্ষিত সফলতা পায়নি। যুদ্ধবিরতি বহাল থাকলেও সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সবশেষ শনিবার (৬ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালির দিকে ছোড়া একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং ইরানের কয়েকটি রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে।
এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব ঘাঁটির দিকে তেহরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।