মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি বিশেষ অভিযানে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৪ জুন) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপির সদস্যরা শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেন।
বিজিবি জানায়, সকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে পরিচালিত এক বিশেষ অভিযানে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। পরে একই দিন বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে একই এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত ১৬২ বোতল সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬৫ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
এদিকে, চলতি জুন মাসে ৫৩ বিজিবি মোট ৬২১ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৮ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, পুশ-ইন প্রতিরোধ এবং সব ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।