১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে আটকে রেখে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারতীয় উপ-হাইকমিশনার পবন কুমার বঢ়েকে মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় এবং ঘটনাটির বিষয়ে বাংলাদেশের উদ্বেগ ও অসন্তোষের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন। তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জানা গেছে, ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (আইওআরএ)-এর একটি বৈঠকে অংশ নিতে রোববার নয়াদিল্লি যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন ও নিরাপত্তা যাচাইয়ের সময় তার নাম একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হওয়ায় তাকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সফর চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও তিনি নির্ধারিত কর্মসূচিতে অংশ না নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

উপদেষ্টা নিয়মিত বাংলাদেশি পাসপোর্ট ও সার্ক ভিসা ব্যবহার করে ভারতে গিয়েছিলেন। তার কাছে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না। সরাসরি ফ্লাইট না থাকায় তিনি কলম্বো হয়ে সোমবার ঢাকায় ফিরে আসেন।

ডা. জাহেদ উর রহমান আইওআরএর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির (সিএসও) ২৮তম বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্যে ভারত সফরে গিয়েছিলেন। ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত এই বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করতে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top