১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে আইভ্যাক

নিজস্ব প্রতিনিধি:

ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়া সম্পর্কে নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই প্রকাশ করা হবে।

সোমবার (১৫ জুন) প্রকাশিত এক নির্দেশনায় আইভ্যাক জানায়, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ সম্পন্ন করতে এবং ওয়েবফাইল আপলোড করতে পারবেন। যেসব আবেদনকারী সফলভাবে নির্ধারিত নথি আপলোড করবেন, তারা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ সংস্করণ হতে হবে। আবেদনপত্র ৩০ দিনের বেশি পুরোনো হলে তা গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত কোনো ফাইল জমা দেওয়া যাবে না।

মেডিকেল ভিসা আবেদনকারীদের জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আইভ্যাক জানিয়েছে, যে হাসপাতালের জন্য মেডিকেল ভিসা অনুমোদিত হয়েছে, চিকিৎসার জন্য আবেদনকারীকে সেই হাসপাতালেই যেতে হবে।

যদি কোনো কারণে হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর পূর্বানুমতি নিতে হবে। অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা বিধিমালা লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

আইভ্যাক সতর্ক করে জানিয়েছে, ভিসা শর্ত ভঙ্গের ঘটনায় ভবিষ্যতে ভারত ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

নতুন নির্দেশনার মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল এবং কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top