১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, অনিয়মের অভিযোগের কারণে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দেশের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পাইলট প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা সরাসরি মানুষের বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন। প্রয়োজন হলে রোগীদের হাসপাতালে পাঠানো হবে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সরকারি সেবা গ্রহণে ঘুষ বা অনৈতিক লেনদেনের সুযোগ কমিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা চলছে।

সরদার সাখাওয়াত হোসেন আরও জানান, চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের চিকিৎসার জন্য বিশেষ সুবিধা রাখা হবে।

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top