মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ, ১৭ জুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ট্যাবলেট, একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ জুন রাত প্রায় ১০টায় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাংলাদেশি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশি করে সাতটি প্লাস্টিকের বস্তায় রাখা ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানে ট্রাকচালক মো. রিয়াদ হোসেন (২০)কে আটক করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে চৌকা বিওপির নায়েক সুরজিত নাগের নেতৃত্বে একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. নাঈম ইসলাম (১৮) নামে এক যুবককে ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল ফোনের সিজার মূল্য ২ লাখ ৫০০ টাকা।
বিজিবি জানায়, দুই অভিযানে জব্দকৃত ট্রাক, নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনের মোট সিজার মূল্য ৭০ লাখ ৩৫ হাজার টাকা।
আটক দুই আসামি, জব্দকৃত ট্রাক এবং উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও মোবাইল ফোনের বিরুদ্ধে মামলা দায়ের করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”