নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল বিআরটিএর আর্থিক সহায়তা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ও স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেল গত এক বছরে ২২টি পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করেছে।

রোববার (২৮ জুন) সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) এস. এম. মাহাবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, মেকানিক্যাল সহকারী রোহান সরকার, প্রধান সহকারী আমিনুল ইসলামসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৮০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারী তিনজনকে ৩ লাখ টাকা করে এবং আহত তিনজনকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণ ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “কখনও না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তাই চালক ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”

অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে নিহতদের স্বজনরা অনুদানের চেক গ্রহণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও বলেন, প্রিয়জন হারানোর শোক কোনো আর্থিক সহায়তা দিয়ে পূরণ হওয়ার নয়।

বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) এস. এম. মাহাবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক দুর্ভোগ কিছুটা লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সরকারের এই সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top