সিন্ধুর পানি বন্ধ ‘যুদ্ধের উসকানি’ হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটকের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিল ও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করেছে ভারত।

প্রতিক্রিয়ায় পানি বন্ধ করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা বাতিল, ভারতের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ এবং ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করেছে দেশটি।

১৯৭২ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি। এই চুক্তির মাধ্যমেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা নির্ধারণ হয়েছিল।

পাকিস্তান জানিয়েছে, তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্যও তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি, ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেনও স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে পাকিস্তান আরও জানিয়েছে, তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যেকোনো উদ্যোগকে ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, এমন কিছু করা হলে ‘জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে’ এর প্রতিক্রিয়া জানাবে তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top