১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেশজুড়ে সব হাসপাতালে প্রবীণদের জন্য চালু হচ্ছে জেরিয়াট্রিক ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেরিয়াট্রিক ওয়ার্ড চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান।

শুক্রবার (৩১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু রয়েছে। আগামী মাসে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি ওয়ার্ড চালু হবে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি হাসপাতালে এ ধরনের ওয়ার্ড চালুর পরিকল্পনা রয়েছে।”

স্বাস্থ্য সচিব আরও বলেন, “এই উদ্যোগ প্রবীণদের উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নার্সদের উদ্দেশে বলব, সেবার পাশাপাশি হাস্যোজ্জ্বল ব্যবহার, সদয় আচরণ রোগীদের মানসিক প্রশান্তি বাড়ায়। এটি শুধু পেশাগত দায়িত্ব নয়, বরং একটি মানবিক গুণ।”

অনুষ্ঠানে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ার হোসেন আকন্দ বলেন, “নার্সদের জন্য একটি মানসম্পন্ন স্ট্যান্ডার্ড সেটআপ তৈরির কার্যক্রম চলছে। বদলি ও স্থায়ীকরণ প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।”

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তার বলেন, “মানসম্মত নার্সিং শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ এবং কার্যকর মনিটরিং ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।”

আলোচনা সভায় নার্সিং শিক্ষা, সেবা এবং প্রশাসনে বিশেষ অবদানের জন্য তিনজন বিশিষ্ট নার্স—মেজর আকলিমা, সুখলাল মন্ডল এবং শফিউল আজম শাকিল—কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মাহবুবা সুলতানা বলেন, “নার্সিং পেশাকে মানবিক ও শক্তিশালী করতে শিক্ষা, নীতি ও গবেষণার সমন্বয় সাধন করতে হবে।”

সভায় বাংলাদেশ জেরন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top