ইরানে ইসরাইলি হামলার নিন্দায় ২১ মুসলিম দেশের যৌথ বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশরসহ ২১টি মুসলিম দেশ। একই সঙ্গে এই দেশগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এই খবর জানিয়েছে আলজাজিরা।

সোমবার (১৬ জুন) প্রকাশিত একটি যৌথ খোলা চিঠিতে এ আহ্বান জানায় দেশগুলো। স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে: মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

বিবৃতিতে বলা হয়, ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাত ভয়াবহ মাত্রা অর্জন করেছে এবং পুরো মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা জরুরি।

চিঠিতে মধ্যপ্রাচ্যকে একটি “পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল” হিসেবে রূপান্তরের ওপর জোর দেওয়া হয়। দেশগুলো আহ্বান জানায়, এই অঞ্চলের সকল দেশ জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (NPT) বা নিউক্লিয়ার নন-প্রোলিফারেশন ট্রিটিতে স্বাক্ষর করুক এবং তা কার্যকরভাবে অনুসরণ করুক।

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে ইরান ও ইসরাইলের মধ্যে হামলা-পাল্টা হামলার ভয়াবহতা বেড়েছে। ইসরাইল একের পর এক বিমান হামলা চালিয়েছে ইরানে, জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেলআবিব, হাইফা ও জেরুজালেমের বিভিন্ন স্থানে। এই সংঘাতে ইতোমধ্যে দুই পক্ষের তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

এই প্রথমবারের মতো একসঙ্গে ২১টি মুসলিম দেশ সংঘাত বন্ধে একসুরে যুদ্ধবিরতির আহ্বান জানালো, যা অঞ্চলটিতে শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top