ইরানে ইসরাইলি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ শি জিনপিংয়ের, ট্রাম্পকে ‘উসকানিমূলক আচরণে’ অভিযুক্ত করল চীন

আন্তর্জাতিক ডেস্ক:

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের ওপর ইসরাইলের সামরিক হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৭ জুন) তিনি বলেন, এই পরিস্থিতি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। একইসঙ্গে চীন অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা প্রশমনের বদলে “আগুনে ঘি ঢালার” কাজ করছেন। খবর এএফপি।

গত সপ্তাহে ইসরাইল হঠাৎ করে ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইসরাইলের দাবি, এই আক্রমণ ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রয়াস। তবে তেহরান জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ।

এ হামলার পর গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা জোরদার হয়েছে। এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প একটি সামাজিক যোগাযোগমাধ্যমে (ট্রুথ সোশ্যাল) পোস্টে সবাইকে দ্রুত তেহরান ছাড়ার আহ্বান জানিয়ে চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়েছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ট্রাম্পের এ ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। তারা একে ‘উসকানিমূলক ও দায়িত্বহীন’ আচরণ বলে আখ্যায়িত করেছে।

চীন বরাবরই মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সমাধান ও কূটনৈতিক আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে। বেইজিং মনে করে, এই ধরনের উত্তেজনা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, চলমান সংকট দ্রুত সমাধান না হলে তা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top