চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় জোট গঠন: আঞ্চলিক শান্তি ও উন্নয়নে যৌথ অঙ্গীকার

নিজস্ব প্রতিনিধি:

চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ, পাকিস্তান ও চীন একটি ত্রিপক্ষীয় জোট গঠন করেছে। এই উদ্যোগের মাধ্যমে তিন দেশ আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একযোগে কাজ করবে বলে জানানো হয়েছে।

গত ১৯ জুন ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চীনের ভাইস ফরেন মিনিস্টার সান উইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এবং পাকিস্তানের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। বৈঠকের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ভার্চুয়ালি যোগ দেন।

বৈঠকে প্রাথমিকভাবে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যা এই ত্রিপক্ষীয় উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে। বৈঠক শেষে তিন দেশের প্রতিনিধিরা একে অপরের হাত ধরে আঞ্চলিক ঐক্যের প্রতীকী বার্তা দেন।

চীনের ভাইস ফরেন মিনিস্টার সান উইডং বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান আমাদের ভালো প্রতিবেশী, বন্ধু এবং অংশীদার। তিন দেশই উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (BRI) গুরুত্বপূর্ণ সহযোগী এবং উন্নয়ন ও আধুনিকায়নের জন্য শান্তিপূর্ণ পরিবেশের প্রয়োজন।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ত্রিপক্ষীয় সহযোগিতার মূল ভিত্তি হবে পারস্পরিক আস্থা, সমতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং উইন-উইন কৌশল। অর্থনীতি, শিল্প, বাণিজ্য, কৃষি, পানিসম্পদ, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং যুব উন্নয়নে একযোগে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই তিন দেশের যৌথ উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক দক্ষিণ (Global South) অঞ্চলের উন্নয়ন চেষ্টাকে আরও শক্তিশালী করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

বৈঠকে চীনের ভাইস মিনিস্টার সান উইডং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকীর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকও করেন, যেখানে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top