যুক্তরাষ্ট্রের হামলার জবাব কিভাবে দেওয়া হবে, তা ইরানই ঠিক করবে: খাতিবজাদে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রতিক্রিয়ায় ইরান নিজের সিদ্ধান্ত নিজেই নেবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষা ও গবেষণাবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “কখন, কীভাবে এবং কতটা মাত্রায় আমেরিকানদের জবাব দেওয়া হবে—সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইরানের।”

খাতিবজাদে আরও বলেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানি পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আঘাতকে তিনি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং “একটি ভয়াবহ ভুল” হিসেবে বর্ণনা করেছেন।

এই উত্তেজনার মধ্যে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলার ঘটনা ঘটেছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়।

হামলার পর মার্কিন সেনারা ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনাস্থলে সামরিক ড্রোন ও হেলিকপ্টার টহল দিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলছে। পরিস্থিতি যে কোনো সময় আরও বিস্ফোরক রূপ নিতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top