ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পদাবনতি, আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে বিভাগীয় মামলার ভিত্তিতে পদাবনতি দিয়ে উপপরিদর্শক (এসআই) করা হয়েছে। একই সঙ্গে তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে জেলা পুলিশের বিশেষ শাখায় সংযুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বুধবার দুপুরে আক্কেলপুর থানায় ওসির সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে রিসিভ করেন পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম। তিনি জানান, “ওসি সাহেব এখন জয়পুরহাট ডিএসবি-তে বদলি হয়েছেন। গতকাল তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।”

থানা সূত্রে জানা গেছে, মাসুদ রানা প্রায় দুই বছর আগে আক্কেলপুর থানায় তদন্ত কর্মকর্তার (পরিদর্শক) দায়িত্বে যোগ দেন। দুই মাস আগে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পান। তবে গতকাল মঙ্গলবার তাকে পদ থেকে সরিয়ে নেওয়া হয় এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম।

জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত অবস্থায় পীরগঞ্জ থানার একটি হত্যা মামলার তদন্তে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হন। বিষয়টি তদন্ত করে বিভাগীয় মামলা করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তিন বছরের জন্য পদাবনতি দেয়।

পুলিশ সুপারের কার্যালয়ে বিভাগীয় আদেশের চিঠি পৌঁছানোর পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top