মানিকগঞ্জে দোকান মালিককে দাড়ি ধরে হেনস্তার অভিযোগে নাসিম ভূঁইয়া গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একজন কম্পিউটার দোকানের মালিককে দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার দোকানের মালিক আলী আজম মানিক (৩৩) এর দোকানে ঢুকে নাসিম ভূঁইয়া তার দাড়ি ধরে টানাটানি করেন, অকথ্য ভাষায় গালাগালি দেন এবং মারধর করেন। ঘটনার পর নাসিম পলাতক ছিলেন।

মানিকগঞ্জ ডিবি পুলিশের তৎপরতায় ঢাকার আশুলিয়া থেকে নাসিমকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত নাসিম ভূঁইয়া স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোশারফ হোসেন ভূঁইয়া (বাচ্চু ভূঁইয়া) এর ছেলে।

ভুক্তভোগী মানিকের করা মামলার ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব নাসিমের গ্রেপ্তার নিশ্চিত করে বলেন, “আসামিকে শীঘ্রই আদালতে সোপর্দ করা হবে।”

ঘিওর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দারা জানান, নাসিম ভূঁইয়া পূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। স্থানীয়রা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। ঘটনায় আরও জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top