ইউরেনিয়াম সমৃদ্ধ হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অগ্রসর হয়, তাহলে যুক্তরাষ্ট্র ফের সামরিক হামলার পথ বেছে নিতে দ্বিধা করবে না।

শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বলেন, “এটি প্রশ্নাতীত। ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়, তাহলে আমরা আবারও বোমা ফেলব।”

এর আগে ২১ জুন যুক্তরাষ্ট্র ফরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে বি-২ বোমারু বিমান দিয়ে হামলা চালায়। ওই হামলার প্রেক্ষাপট প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে এই আঘাত ছিল অপরিহার্য।

তিনি আরও বলেন, হামলার আগে ১৩ জুন প্রথমে ইসরাইল ইরানে আঘাত হানে। এরপর টানা ১২ দিন ধরে ইরান ও ইসরাইল পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ পরিস্থিতিতে ২৩ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি হয়, তাকে ট্রাম্প ‘উপযুক্ত সময়ের সঠিক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।

ন্যাটো সম্মেলনে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি স্পষ্ট বলেন, “তেহরান যদি আবার পারমাণবিক কর্মসূচি চালু করে, তাহলে অবশ্যই আমরা আবার বোমাবর্ষণ করব। ইরান কোনোভাবেই বোমা পাবে না, এমনকি ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না।”

তবে পুরো পরিস্থিতির মাঝে একটুখানি সম্ভাবনার বার্তাও রেখেছেন তিনি। ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্পর্ক তৈরি হবে।”

এই মন্তব্যগুলো মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top